প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন
নরসিংদী প্রতিনিধি:
জন্ম থেকেই দুই হাত নেই, তবুও থমকে যায়নি তাঁর পথচলা। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের আলো ছড়িয়ে যাওয়া নরসিংদীর অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে আজ সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামে অবস্থিত ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’ পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সম্প্রতি গণমাধ্যমে জন্ম প্রতিবন্ধী এই শিক্ষকের অদম্য পাঠদানের সংবাদ প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিস্তারিত খোঁজখবর ও সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিদ্যালয়টির অফিশিয়াল নিবন্ধন এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ওয়াটার বোতল, ক্রীড়া সামগ্রী এবং ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, জন্ম থেকেই হাতহীন দুখু মিয়া শৈশবে পা দিয়ে কঞ্চি ও কলাপাতায় লিখে পড়ালেখা শুরু করেন। প্রতিকূলতা জয় করে পা দিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করার পর ২০০৭ সালে নিজের উদ্যোগে গড়ে তোলেন এই কিন্ডারগার্টেনটি।
সরকার প্রধানের এমন স্বীকৃতি ও সহায়তার আশ্বাসে আনন্দ প্রকাশ করে প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া বলেন, “আমার স্বপ্ন এই প্রতিষ্ঠানটিকে একদিন উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা। সরকার ও প্রশাসনের সহযোগিতায় আমার এই স্বপ্নের স্কুল আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করি।”
পরিদর্শনকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।