নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ
নরসিংদী থেকে বাবুল মিয়া
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও তদারকি করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-র মহাপরিচালক জনাব মোঃ আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা।
গতকাল ১৯ অক্টোবর (মঙ্গলবার) অপরাহ্নে তিনি জেলার মাধবদী ও পলাশ থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মহাপরিচালক মহোদয় বলেন, “শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা বা ভয়ভীতি ছাড়া আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা, এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, জেলা পুলিশ ও এসআরবি-১১-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশ সর্বদা প্রস্তুত ও তৎপর রয়েছে।