১২ লাখ টাকার ইয়াবাসহ নরসিংদীতে সিলেটী কারবারি গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আসিফ আহমেদ সোহাগ (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ ১৮ জুন ২০২৬ খ্রিঃ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
গ্রেফতারকৃত সোহাগ সিলেটের জকিগঞ্জ উপজেলার মোঃ ওয়ারেছ আলীর ছেলে।
ডিএনসি সূত্র জানায়, নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ হাবিব তৌহিদ ইমামের দিক-নির্দেশনায় এবং পরিদর্শক জনাব সাহিদা বেগমের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, নরসিংদী শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করার উদ্দেশ্যে সে সিলেট থেকে এই ইয়াবার চালান নিয়ে এসেছিল।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করে ডিএনসি নরসিংদী কর্তৃপক্ষ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই কঠোর অভিযান সর্বদা অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।